বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) নতুন মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত মহাপরিচালক প্রকৌশলী মো: রুহুল আমিন। আগামী ৫ জুলাই ২০২৬ তারিখ থেকে তার এই নিয়োগ কার্যকর হবে।
৩০ জুন ২০২৬ পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব মো: সাইফুর রহমান স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, “চলতি দায়িত্ব ও অতিরিক্ত দায়িত্ব প্রদান নীতিমালা, ২০২৩” এর অনুচ্ছেদ ৮(১১) অনুযায়ী গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে এই নিয়োগ প্রদান করা হয়েছে।
নিয়োগের মেয়াদ ও শর্তাবলী
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী প্রকৌশলী মো: রুহুল আমিন বর্তমানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা, নকশা ও গবেষণা) হিসেবে চলতি দায়িত্বে নিয়োজিত আছেন, যার মূল পদ প্রধান প্রকৌশলী (পুর)। নতুন আদেশ অনুযায়ী তিনি আগামী ৫ জুলাই ২০২৬ থেকে পরবর্তী ৬ (ছয়) মাস অথবা তার চাকরি থেকে পিআরএল-এ গমনের পূর্ব পর্যন্ত (যেটি আগে ঘটে) মহাপরিচালক হিসেবে চলতি দায়িত্ব পালন করবেন।
অফিস আদেশে বেশ কিছু সুনির্দিষ্ট শর্ত উল্লেখ করা হয়েছে:
মেয়াদ বৃদ্ধি: চলতি দায়িত্বের মেয়াদ ৬ মাসের অধিককাল দীর্ঘায়িত করার প্রয়োজন হলে, মেয়াদ শেষ হওয়ার আগেই সংশ্লিষ্ট পদোন্নতি কমিটি বা বোর্ডের অনুমোদন নিতে হবে।
অধিকার ও জ্যেষ্ঠতা: এই চলতি দায়িত্ব কোনোভাবেই নিয়মিত পদোন্নতি হিসেবে দাবি করা যাবে না। এছাড়া, এই পদের কারণে ভবিষ্যতে বদলি বা পদোন্নতির ক্ষেত্রে তিনি কোনো বাড়তি অগ্রগণ্যতা বা অধিকার পাবেন না।
পদবীর ব্যবহার: দায়িত্ব পালনকালে কর্মকর্তা তার পদের নামের সাথে আবশ্যিকভাবে ‘চলতি দায়িত্ব’ শব্দটি যোগ করবেন।
সাধারণ বিধিমালা: এই নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৮ এপ্রিল ২০২৩ তারিখের প্রজ্ঞাপনের যাবতীয় শর্তাবলী প্রযোজ্য হবে।
অনুলিপি প্রেরণ
জনস্বার্থে জারিকৃত এই আদেশের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ১৫টি দপ্তরে প্রেরণ করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচবি