ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় এক রূপকথা বললেও হয়তো কম বলা হবে! বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে শুধু ম্যাচ হারিয়েই ক্ষান্ত হয়নি আয়ারল্যান্ড, নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো হারিয়েছে সিরিজ, মেতেছে হোয়াইটওয়াশের মহোৎসবে।
অন্যদিকে শ্রেয়াস আইয়ারের কাঁধে নেতৃত্ব তুলে দিয়ে নতুন যুগের ভারতের শুরুটা হলো চরম এক বিভীষিকার মধ্য দিয়ে। আইরিশদের প্রথম ম্যাচের জয়কে অনেকে ‘ফ্লুক’ বা ভাগ্যের খেলা ভেবে নিলেও, দ্বিতীয় ও শেষ ম্যাচে আইরিশরা দাপুটে জয় তুলে নিয়ে তারা প্রমাণ করেছে এ জয় স্রেফ কাকতালীয় ছিল না। শেষ ম্যাচে ১ রানের নাটকীয় হারে তাই শূন্য হাতেই আয়ারল্যান্ড ছাড়তে হচ্ছে টানা দুইবারের টি-টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নদের।
বেলফাস্টে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক আইয়ার। তবে আগে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৪ রানের এক লড়াকু পুঁজি দাঁড় করায়। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলেন হ্যারি টেক্টর। এছাড়া ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলেন বেন কালিটজ। বাকিদের মধ্যে জর্জ ডকরেল ১৯, রস এডায়ার ১৬ এবং অধিনায়ক লোরকান টাকার করেন ১৫ রান। ভারতের হয়ে বল হাতে প্রিন্স যাদব ৩টি এবং আর্শদীপ সিং ও শিভম দুবে ২টি করে উইকেট নেন।
১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বৃষ্টি বাঁধার মুখে পড়ে ভারত। তবে ওভার না কমলেও ভারতের ইনিংসে শুরুতেই মরণকামড় বসান ভারতীয় বংশোদ্ভূত আইরিশ বোলার জাই মুন্দ্রা। তার বলে দুই ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা দুজনেই ‘গোল্ডেন ডাক’ মেরে বিদায় নিলে সফরকারীদের মনোবল পুরোপুরি ভেঙে যায়।
এরপর ঈশান কিষাণ ১২, অধিনায়ক আইয়ার ১০ ও অক্ষর প্যাটেল ১৪ রান করে দ্রুত বিদায় নিলে দল চরম সংকটে পড়ে। শেষের দিকে তিলক ভার্মা ৪৬ বলে ৫৫ রান করে ভারতের আশা বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করলেও আইরিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে একা পেরে ওঠেননি। তিলক বিদায় নেওয়ার পর ভারতের শেষ আশাটুকুও শেষ হয়ে যায়। শেষ বলে ছক্কা হওয়ায় ম্যাচের ব্যবধান কমিয়েছে শুধু ম্যান ইন ব্লুরা। তাতে বিশ্বচ্যাম্পিয়নদের ১ রানে হারিয়ে ঐতিহাসিক সিরিজ পায় আইরিশরা।
বাংলা৭১নিউজ/জেএস