বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য কূটনৈতিক সম্পর্কের কৌশলগত ভারসাম্য রক্ষা চাল-নিত্যপণ্যের বাজারে স্বস্তি, দাম সরবরাহ স্বাভাবিক: বাণিজ্যমন্ত্রী তিস্তায় আরেকটি ব্যারাজ নির্মাণে পরীক্ষা-নিরীক্ষা চলছে: প্রধানমন্ত্রী ব্যাটিং ব্যর্থতায় প্রথম টি-টোয়েন্টিতে হার বাংলাদেশের ‘ইরান-বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে আরও সমৃদ্ধ ও উন্নত হবে’ সীমান্তে হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন : স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা : প্রধানমন্ত্রী গণমাধ্যম কমিশন গঠনে সহায়তায় আগ্রহী ইইউ মানুষের ভাগ্য পরিবর্তনে বিশ্বাস করে এই সরকার : প্রধানমন্ত্রী জুলাই থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি : আইনমন্ত্রী

পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য কূটনৈতিক সম্পর্কের কৌশলগত ভারসাম্য রক্ষা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান লক্ষ্য হলো কূটনৈতিক সম্পর্কের বহুমুখীকরণ এবং কৌশলগত ভারসাম্য রক্ষা। ঐতিহ্যগত অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি নতুন অঞ্চল ও উদীয়মান অর্থনীতিগুলোর সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে কাজ করছে সরকার।

বুধবার (১৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের নবম দিনের বৈঠকে নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালীর লিখিত প্রশ্নের উত্তরে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এদিন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বের কার্যক্রম টেবিলে উপস্থাপিত হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দ্রুত পরিবর্তনশীল আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি, আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থার পুনর্বিন্যাস, জ্বালানি ও খাদ্য নিরাপত্তা, প্রযুক্তিগত প্রতিযোগিতা, জলবায়ু পরিবর্তন এবং অভিবাসন বর্তমানে আন্তর্জাতিক সম্পর্ককে গভীরভাবে প্রভাবিত করছে। এ বাস্তবতায় কোনো একক অঞ্চল বা শক্তিকেন্দ্রের ওপর নির্ভর না করে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, একদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, মধ্যপ্রাচ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো ঐতিহ্যগত অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও গভীর করা হচ্ছে। অন্যদিকে আসিয়ানভুক্ত দেশসমূহ, পূর্ব ও মধ্য এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার উদীয়মান অর্থনীতিগুলোর সঙ্গে নতুন সহযোগিতার ক্ষেত্র সৃষ্টি করা হচ্ছে।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের বিষয়ে খলিলুর রহমান বলেন, ন্যায্যতা, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছে বাংলাদেশ। ভারতের সঙ্গে পানি বণ্টন, সীমান্ত ব্যবস্থাপনা, সংযোগ, জ্বালানি সহযোগিতা ও বাণিজ্যিক প্রতিবন্ধকতাসহ বিভিন্ন বিষয়ে গঠনমূলক কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রয়েছে। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে মিয়ানমার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে।

তিনি জানান, দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা জোরদারে সার্ককে পুনরায় কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার পাশাপাশি বিমসটেককে আরও গতিশীল করতে কাজ করছে বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, অর্থনৈতিক কূটনীতি বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে। জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন অংশীদার দেশের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর, জ্বালানি নিরাপত্তা ও শিল্প সহযোগিতা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর, নবায়নযোগ্য জ্বালানি, গবেষণা ও উন্নয়ন, সরবরাহ শৃঙ্খল সংযোগ এবং ব্লু ইকোনমির মতো নতুন খাতেও আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলার জন্য কূটনৈতিক তৎপরতা বাড়ানো হয়েছে।

খলিলুর রহমান বলেন, প্রচলিত বাজারের পাশাপাশি মধ্যপ্রাচ্য, আফ্রিকা, পূর্ব ও মধ্য এশিয়া এবং ল্যাটিন আমেরিকাকে রপ্তানি সম্প্রসারণের নতুন গন্তব্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ লক্ষ্যে আন্তর্জাতিক বাজার ও পণ্যের ম্যাপিং কার্যক্রম পরিচালনা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

তিনি জানান, জনশক্তি রপ্তানি ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণও সরকারের অন্যতম অগ্রাধিকার। মধ্যপ্রাচ্য ও ইউরোপের পাশাপাশি জাপান, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আমেরিকা এবং পূর্ব ইউরোপের উদীয়মান বাজারে দক্ষ জনশক্তি পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ একটি আত্মবিশ্বাসী, ভারসাম্যপূর্ণ, বহুমুখী ও ফলপ্রসূ পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। শক্তিশালী আন্তর্জাতিক অংশীদারিত্ব, সক্রিয় অর্থনৈতিক কূটনীতি এবং কার্যকর বহুপাক্ষিক সম্পৃক্ততার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com