বুধবার, ১০ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জুনের ৮ দিনেই দেশে এলো ৯৮ কোটি ডলার রেমিট্যান্স সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৫০ শতাংশ অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ সিটি করপোরেশনের ট্রাকের চাপায় ছাত্রদল-যুবদল নেতা নিহত বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে: অর্থমন্ত্রী অনার্সে কোর্স কমানোর কোনো সিদ্ধান্ত হয়নি : শিক্ষামন্ত্রী শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ রাশিয়ায় এক লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তাব

পাল্টাপাল্টি হামলা আপাতত বন্ধের ঘোষণা ইরান-ইসরায়েলের

বাংলা৭১নিউজ, ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে সামরিক হামলা আপাতত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর সোমবার দুই দেশ এই ঘোষণা দেয়।

ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়লে ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একাধিক বার্তা দিয়ে দুই দেশকে সংযত থাকা এবং হামলা বন্ধের আহ্বান জানান।

পরে আরেকটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান ও ইসরায়েল তাৎক্ষণিক যুদ্ধবিরতির বিষয়ে কাজ করছে। এর কিছুক্ষণ পরই দুই পক্ষ হামলা স্থগিতের ঘোষণা দেয়।

এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমগুলো জানায়, ট্রাম্পের অনুরোধে ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আপাতত বন্ধ করেছে।

অন্যদিকে ইরানের সামরিক বাহিনীও ইসরায়েলের বিরুদ্ধে হামলা বন্ধের কথা জানিয়েছে। তবে তারা সতর্ক করে বলেছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে আগের চেয়ে আরো কঠোর জবাব দেওয়া হবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাদের যৌথ আক্রমণের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। জবাবে ইরান মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়। কুয়েত ও বাহরাইন ছাড়াও সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে হামলার ঘটনা ঘটেছে।

পাল্টাপাল্টি হামলার মধ্যে গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। এরপর দুই পক্ষের মধ্যে স্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচনা চলার মধ্যেই আবার সংঘর্ষে জড়ায় ইরান ও ইসরায়েল।

গত রোববার যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকার মধ্যেই ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এর পরপরই ইরানের ভেতরে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করে ইসরায়েল।

নতুন করে উত্তেজনার ছড়ানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে সামরিক হামলা আপাতত বন্ধ রাখার ঘোষণা দেয়।

ইরানের বিরুদ্ধে হামলা স্থগিতের ঘোষণা দিলেও দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় দখলদার ইসরায়েল।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে হামলা চলবে। একই সঙ্গে ইসরায়েলের ওপর হামলা হলে লেবাননের রাজধানী বৈরুত লক্ষ্য করেও অভিযান চালানো হবে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com