চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তবে হতাহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার চুনতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাইক্রোবাসটি কক্সবাজার থেকে খাগড়াছড়ির উদ্দেশে যাচ্ছিল। গাড়িটি চুনতি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফিরোজ খান বলেন, নিয়ন্ত্রণ হারানো মাইক্রোবাস থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। এছাড়া আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
হতাহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা সবাই মাইক্রোবাসের যাত্রী।
ফায়ার সার্ভিস কর্মকর্তা ফিরোজ খান জানান, মাইক্রোবাসটি কক্সবাজার থেকে খাগড়াছড়ি যাচ্ছিল।
বাংলা৭১নিউজ/এসএএইচ