সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

তপ্ত ঢাকায় স্বস্তি ফেরাল বৃষ্টি

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

দীর্ঘ তাপপ্রবাহের পর অবশেষে বৃষ্টির দেখা পেলো তপ্ত ঢাকা। রোববার বিকেলের বৃষ্টিতে দীর্ঘদিনের ভ্যাপসা গরম কাটিয়ে রাজধানীতে জনজীবনে কিছুটা প্রশান্তি ফিরেছে। গত কয়েক দিনের ভ্যাপসা গরমে রাজধানীসহ সারা দেশে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল।

রবিবার (২৬ এপ্রিল) সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। এরপর দুপুরের দিকে কিছু এলাকায় ফোটা ফোটা বৃষ্টি পড়তে শুরু করলে সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিকাল ৪টা ৪৫ মিনিট থেকে বৃষ্টি শুরু হয়। এ সময় বৃষ্টি থেকে বাঁচতে চায়ের দোকানে আশ্রয় নেওয়া কয়েকজন জানালেন স্বস্তির পাশাপাশি ভোগান্তির কথাও।

আব্দুল করিম নামে একজন জানান, ‘গত কয়েক দিন যে রকম গরম পড়েছিল, তাতে ঠিকঠাক কাজকর্ম করা যাচ্ছিল না। এ বৃষ্টির ফলে গরম কমেছে, একটু শান্তি লাগছে।’

জাহিদ নামে আরেকজন বলেন, ‘ভাই, বৃষ্টি তো গরম থেকে বাঁচাল। কিন্তু দীর্ঘ সময় ধরে বৃষ্টি হলে রাজধানীতে যে জলাবদ্ধতা সৃষ্টি হবে, সেখান থেকে কীভাবে বাঁচব? ঢাকা শহরে অতিবৃষ্টি কিংবা অতিরিক্ত তাপমাত্রা—দুটোই মানুষের জন্য বিপদজনক।’

এর আগে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে আজ রোববার (২৬ এপ্রিল) রাত ১২টার মধ্যে কালবৈশাখীসহ এক থেকে দুই দফা বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়ার এ সতর্কবার্তায় বলা হয়, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, মানিকগঞ্জ, ফরিদপুর, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, টাঙ্গাইল ও এসব জেলার আশপাশের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখীসহ বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, টানা পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। পাশাপাশি ঢাকাসহ দেশের অন্যান্য এলাকাতেও দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি দেখা দিতে পারে। এতে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমে সাময়িক স্বস্তি ফিরতে পারে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com