
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপর শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির সন্ধান চলছে।
স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত নিখোঁজ বাংলাদেশি দুই শিক্ষার্থীর মধ্যে লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ তার রুমমেটকে আটক করেছে। তবে অপর শিক্ষার্থী নাহিদার ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তার সন্ধান চলছে।
গোলাম মোর্তোজা জানান, দুই শিক্ষার্থীর পরিবারের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমরা দূতাবাস থেকে পুলিশ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এফবিআই, স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করছি। ’
জামিলের রুমমেট হিশাম আবুঘরবেহ (২৬) নামের একজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়। হিলসবরো কাউন্টি শেরিফের (পুলিশ) কার্যালয় এ তথ্য জানিয়েছে। হিশাম আবুঘরবেহ জন্মসূত্রে মার্কিন নাগরিক।
জানা গেছে, জামিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। এছাড়া নাহিদা ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছেন।
বিশ্ববিদ্যালয় পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, জামিল ও নাহিদাকে সর্বশেষ ১৬ এপ্রিল দেখা গিয়েছিল। সেদিন জামিলকে সর্বশেষ দেখা যায় সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাছে তার ছাত্রাবাসে। নাহিদাকে সর্বশেষ দেখা যায় সেদিন সকাল ১০টার দিকে, বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে।
জামিল ও নাহিদার সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাদের এক পারিবারিক বন্ধু পরদিন ১৭ এপ্রিল বিষয়টি কর্তৃপক্ষকে জানান। এর পরিপ্রেক্ষিতে দুটি নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর তদন্তে নামে পুলিশ।
বাংলা৭১নিউজ/এসএএইচ