শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জ্বালানির কারণে রফতানি কমেছে—এমন ধারণা ভুল: পাটমন্ত্রী কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী, দিলেন উৎসাহ এ বছরের ডিসেম্বরে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে জামায়াত: মির্জা ফখরুল জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজল্যুশন গৃহীত বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র পাঁচ দশক পর বাবার কাটা খাল পুনঃখননে যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী ইসলামাবাদে গিয়েছেন আরাগচি, পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক গ্যাসচালিত পরিবহনে বেশি ভাড়া নিলে ব্যবস্থা: সড়কমন্ত্রী মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

‘জ্বালানির অবৈধ মজুদ ও কালোবাজারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে’

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে জ্বালানি পরিস্থিতিকে সরাসরি ‘সংকট’ বলা ঠিক নয়; বরং সরকার নিয়ন্ত্রিত ও ভারসাম্যপূর্ণ ব্যবস্থাপনার মাধ্যমে পরিস্থিতি সামাল দিচ্ছে। তবে অবৈধ মজুদ, কালোবাজারি ও পাচারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে।

বুধবার (২২ এপ্রিল) সংসদে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনায় (বিধি-৬৮) অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান সংসদে আজ এ বিষয়ে নোটিশ উত্থাপন করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি সংকট বলা না হলেও প্রস্তাবের কারণে আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। তবে বাস্তব চিত্র হলো—দেশের কৃষি, শিল্প, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’

তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সীমিত পরিসরে জ্বালানির দাম সমন্বয় করা হয়েছে, যাতে অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ না পড়ে এবং জনগণের দুর্ভোগ কম থাকে। কোথাও ১৫, কোথাও ২০ বা ২৫ টাকা পর্যন্ত মূল্য সমন্বয় করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বে অনেক দেশে ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে, সেখানে বাংলাদেশ তুলনামূলকভাবে সহনীয় পর্যায়ে মূল্য সমন্বয় করেছে।

জ্বালানি সরবরাহে বিঘ্নের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কোথাও কোথাও কালোবাজারি, অবৈধ মজুদ ও পাচারের ঘটনা ঘটেছে, যা আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় চিহ্নিত ও দমন করা হচ্ছে।

‘র‌্যাব, পুলিশ, বিজিবিসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো নিয়মিত অভিযান পরিচালনা করে এসব অনিয়ম উদ্ঘাটন করছে।’

তিনি বলেন, এসব অপরাধের সঙ্গে জড়িতদের কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে কঠোরভাবে দমন করা হবে। ‘কালোবাজারির পরিচয়ই কালোবাজারি—এখানে দোষারোপের রাজনীতি নয়, আইনের প্রয়োগই প্রধান।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সারাদেশে পেট্রোল পাম্প ও ডিপোতে নিয়মিত তদারকি ও মনিটরিং জোরদার করা হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।

তিনি বলেন, সীমান্তবর্তী এলাকায় কম দামের পণ্যের পাচারের প্রবণতা একটি বাস্তবতা হলেও সরকার তা কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে এবং জ্বালানি তেলের বড় ধরনের পাচার প্রতিরোধ করা গেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিদ্যমান অবকাঠামো ও জনবল সীমাবদ্ধতার মধ্যেও সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে আরও আধুনিক, জনবান্ধব ও দক্ষ করে গড়ে তুলতে কাজ চলছে।

তিনি বলেন, ‘ওভারনাইট সবকিছু পরিবর্তন সম্ভব নয়, তবে ধাপে ধাপে আইনশৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করা হচ্ছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া কিছু এলাকাও এখন পুনরায় রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং অপরাধ দমনে কার্যকর অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com