
গোপালগঞ্জের কাশিয়ানীতে পুকুরের পানিতে ডুবে ইলমা খানম (৭) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার পারুলিয়া ইউনিয়নের বড় পারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। ইলমা খানম ঐ গ্রামের রবিউল শেখের মেয়ে এবং বড় পারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইলমা স্কুল থেকে বাড়ি ফেরার পর বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। সে সময় অসাবধানতাবশত ইলমা পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে পুকুরে জাল ফেলে তাকে উদ্ধার করে দ্রুত কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাশিয়ানী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ তাজ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘শিশু ইলমা বাড়ির পাশে পুকুরে ডুবে মারা গেছে। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
বাংলা৭১নিউজ/এসএএইচ