
চারদিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার দুপুর ১২টা ৫০ মিনিটে তিনি পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে হেলিকপ্টারযোগে অবতরণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নিজ এলাকায় এই সফরকে কেন্দ্র করে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
স্টেডিয়ামে অবতরণের পর রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান পাবনার জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা ও পুলিশ সুপার আনোয়ার জাহিদ। এরপর তাকে সুসজ্জিত মোটর শোভাযাত্রার মাধ্যমে পাবনা সার্কিট হাউজে নিয়ে যাওয়া হয়, যেখানে পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, আগামী কয়েকদিন রাষ্ট্রপতির ব্যস্ত সময় কাটবে। সফরের উল্লেখযোগ্য কর্মসূচিগুলোর মধ্যে, ২৯ মার্চ (রবিবার) বেলা ১১টায় পাবনা আরিফপুর কেন্দ্রীয় কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন তিনি। সন্ধ্যায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা।
৩০ মার্চ (সোমবার) বেলা ১১টায় সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন। সন্ধ্যায় জুবলী ট্যাংক এলাকায় নিজ বাসভবনে অবস্থান এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ।
৩১ মার্চ (মঙ্গলবার) সকালে পাবনা আমিনউদ্দীন স্টেডিয়াম থেকে হেলিকপ্টারযোগে বঙ্গভবনের উদ্দেশ্যে পাবনা ত্যাগ করবেন তিনি।
রাষ্ট্রপতির আগমন উপলক্ষে পাবনা শহরে সাজানো হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
সার্কিট হাউজে বিশ্রামকালীন সময়ে রাষ্ট্রপতিকে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে সংক্ষিপ্ত সৌজন্য বিনিময় করতে দেখা যায়।
বাংলা৭১নিউজ/এবি