সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

কেরানীগঞ্জে মাদক-অস্ত্রসহ আটক ১

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া বেপারীপাড়া এলাকায় যৌথ অভিযানে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সন্ত্রাসী মো. আরমানকে (৩৮) আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ভোর রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া বেপারীপাড়া এলাকায় একটি সুপরিকল্পিত অভিযানে কুখ্যাত সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য মো. আরমানকে আটক করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, অভিযানকালে আটক ব্যক্তির বাসায় তল্লাশি চালিয়ে ১৩ বোতল ফেনসিডিল, ৫০ বোতল ইম্পিরিয়াল হুইস্কি ও ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ছাড়া তার কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—দুটি রামদা, একটি কাঁচি, দুটি চাপাতি, দুটি হাসুয়া, একটি চাইনিজ কুড়াল, একটি কুড়াল এবং একটি আধুনিক লোহার রড।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মো. আরমান দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। অভিযান শেষে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত সব আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী জানায়, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com