স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী বলেছেন, এই মাটিতে আমার জন্ম, আমি আপনাদের সন্তান। একটিবারের জন্য আমাকে সুযোগ দিন। আমি সুখে-দুঃখে, আনন্দ-উচ্ছ্বাসে আপনাদের পাশে থাকতে চাই।
আজ বৃহস্পতিবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কোটালীপাড়া-টুঙ্গিপাড়ার প্রতিটি পরিবারকে আমি আমার নিজের পরিবার মনে করি। এ এলাকার সকল মানুষ আমার কাছে সমান। দলমত নির্বিশেষে আমি সবাইকে সমান চোখে দেখি। আগামী নির্বাচনে যদি আমি সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে যেতে পারি তাহলে সবাইকে নিয়ে কোটালীপাড়া-টুঙ্গিপাড়াকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলব।
এ সময় কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, বিএনপি নেতা মানিক হাওলাদার, নজরুল ইসলাম মহিন, কাজী অমিত মাহমুদসহ বিপুলসংখ্যক বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে, এস এম জিলানী আমতলী ও শুয়াগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে ভোটারদের কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা এবং মতবিনিময় করেন।
বাংলা৭১নিউজ/এনিসা