রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুই বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২০২৫-এর প্রশ্নে এইচএসসি, সব শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি ১০ লেনে উন্নীত হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফরিদপুর বিভাগ ও বিশ্ববিদ্যালয়ও হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল নতুনভাবে বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য : পানিসম্পদ মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক

পোস্টাল ব্যালট গণনার ভিডিও ভাইরাল, আইনি ব্যবস্থার দাবি বিএনপির

বাংলা৭১নিউজ প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালট গণনা নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে একটি বাসার ভেতরে একাধিক ব্যক্তিকে বিপুলসংখ্যক পোস্টাল ব্যালট একসঙ্গে গণনা করতে দেখা যায়। খামগুলোর ওপর বাহরাইনের ঠিকানা লেখা দেখা গেছে। এ ঘটনায় নির্বাচন কমিশনের কাছে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিএনপি।

ভাইরাল হওয়া ভিডিওটির দৈর্ঘ্য ৭ মিনিট ৩২ সেকেন্ড। এতে কয়েকজন ব্যক্তিকে পাশাপাশি বসে পোস্টাল ব্যালট গুনতে দেখা যায়। ভিডিওতে একজনকে ভিডিও ধারণে বাধা দিতে শোনা যায়। তিনি বলেন, ভিডিও করা যাবে না এবং ফেসবুকে ছড়ানো যাবে না। আরেকজনকে বলতে শোনা যায়, এতে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে এবং প্রবাসীদের পোস্টাল ব্যালট বন্ধ হয়ে যেতে পারে।

এছাড়া একই ধরনের আরেকটি ২৭ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতেও বহু পোস্টাল ব্যালট একসঙ্গে গণনার দৃশ্য দেখা যায়। ভিডিওতে চট্টগ্রাম-৩ আসনের নাম উল্লেখ করতে শোনা যায়।

জুনায়েন বিন সাদ নামের একজন ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি পোস্ট করে দাবি করেন, এটি ওমানে জামায়াতে ইসলামীর একজন নেতার বাসার দৃশ্য। তবে প্রথম ভিডিওটি বাহরাইনে জামায়াতের একজন নেতার বাসায় ধারণ করা হয়েছে বলে কেউ কেউ দাবি করছেন।

চট্টগ্রাম-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ভিডিওটি দেখেছি। এটি সঠিক কি না যাচাই করা হচ্ছে।

ভিডিও ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেন, বাহরাইনে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতারা পোস্টাল ব্যালট হ্যান্ডেল করছেন, এমন ভিডিও ভাইরাল হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, বিষয়টি তাদের নজরে এসেছে এবং বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশ্বস্ত করেছে।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com