
সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীগোষ্ঠীর হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন নারী সেনাসদস্যসহ আরও ৮ জন আহত হয়েছেন। সর্বশেষ তথ্যমতে, মোট ১৪ বাংলাদেশি শান্তিরক্ষী হতাহত হয়েছেন। এই ঘটনায় গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৩ ডিসেম্বর) দেওয়া এক শোকবার্তায় তিনি বলেন, জাতিসংঘের পতাকা তলে বিশ্বশান্তি রক্ষার মহান দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গকারী বাংলাদেশি শান্তিরক্ষীরা জাতির গর্ব। তাদের এই আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তারেক রহমান নিহত শান্তিরক্ষীদের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আহত সেনাসদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং এই দুঃসময়ে তাদের পাশে থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
শোকবার্তায় তারেক রহমান আরও বলেন, একজন সেনা কর্মকর্তার গর্বিত সন্তান হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব, সাহস ও আত্মত্যাগ তাকে সবসময় অনুপ্রাণিত করেছে। চলমান পরিস্থিতিতে শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা জরুরি বলে তিনি মনে করেন।
এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিও আলাদাভাবে এক শোকবার্তায় সুদানের আবেই এলাকায় জাতিসংঘ ঘাঁটিতে সংঘটিত ‘পৈশাচিক হামলা’য় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে।
বিএনপির শোকবার্তায় বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে শান্তিরক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সন্ত্রাস ও মৃত্যুর ঝুঁকি থাকা সত্ত্বেও তারা জীবনকে তুচ্ছ করে বিদেশের মাটিতে দায়িত্ব পালন করে যাচ্ছেন। মানবতার অস্তিত্ব যেখানে ঝুঁকির মুখে পড়ে, সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা জীবনবাজি রেখে কর্তব্য পালন করেন- সুদানের এই ঘটনাই তার প্রমাণ।
দলটি নিহত সেনাসদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের আশু সুস্থতা কামনার পাশাপাশি হতাহতদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা দেশে ও বিশ্বে শান্তি রক্ষায় অগ্রণী ভূমিকা পালন অব্যাহত রাখবেন- এমন আশাবাদও ব্যক্ত করেছে বিএনপি।
শোকবার্তাগুলোতে মহান আল্লাহর কাছে নিহতদের শহীদ হিসেবে কবুল করা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
বাংলা৭১নিউজ/এসএন