গাইবান্ধার সাদুল্লাপুরে সিরাজ শেখ (১৩) নামে এক মাদ্রাসাশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পশ্চিম ফুলবাড়ি গ্রামের পগাইলের বিলসংলগ্ন একটি বাগানের গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সিরাজ ওই গ্রামের সৈয়দ আলী শেখের ছেলে এবং স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে বেরা বাগানের একটি আমগাছে সিরাজকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের পরনে পাঞ্জাবি ও পায়জামা ছিল।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম হাবিবুল ইসলাম বলেন, ঝুলন্ত অবস্থায় সিরাজ শেখ নামে এক মাদ্রাসাশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলা৭১নিউজ/আরএইচ


























