জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশের একটি টেররিস্ট রাজনৈতিক দল। এই দল নৈরাজ্য সৃষ্টি করে সন্ত্রাস শুরু করেছে। এরা আগুন দিয়ে মানুষের বাড়ি পুড়িয়ে দেয়। গাড়িতে আগুন দিয়ে মানুষ খুন করে। হেলপার-ড্রাইভারকে পুড়িয়ে মারে।’
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোর শহরের কানাইখালী এলাকায় নাটোর প্রেসক্লাবের সামনে নাটোর সদর ও নলডাঙ্গা নির্বাচনী এলাকার জনগণের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
হুইপ দুলু আরও বলেন, ‘আওয়ামী লীগ আবার দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। এই জন্য এই সন্ত্রাসী রাজনৈতিক দলের বিরুদ্ধে আজকে আমাদের রাস্তায় নামতে হয়েছে। গত ১৭ বছর সারা বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল এই নিষিদ্ধ সংগঠন।’
তিনি বলেন, ‘বিএনপি আগুন দিয়ে মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়ার রাজনীতি করে না। মানুষকে পুড়িয়ে ফেলার এই রাজনীতি খালেদা জিয়া কখনো করেননি, তারেক রহমানও করবেন না।’
দুলু আরও বলেন, আওয়ামী লীগ যেভাবে মানুষকে জিম্মি করে ও পুড়িয়ে মারার রাজনীতি করছে, গোটা পৃথিবী তা দেখছে। নিজেদের অন্যায় কর্মকাণ্ডের জন্যই আন্তর্জাতিকভাবে তারা সমালোচিত হচ্ছে। পৃথিবী বিখ্যাত পত্রিকা নিউইয়র্ক টাইমস তাদের টেররিস্ট রাজনৈতিক দল হিসেবে সংবাদ প্রকাশ করে আগুন-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবেদন তুলে ধরেছে।
সমাবেশে আরও বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, কাজী শাহ আলম এবং জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
এর আগে সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সোমবার সকালে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলা৭১নিউজ/আরএইচ

























