মাদারীপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শাজাহান খানের মালিকাধীন পেট্রল পাম্প ভাঙচুর করা হয়েছে। এ সময় পাম্পে কর্মরত কর্মচারী ও আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর উপজেলার পাকদী এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর শ্রমিক কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় জ্বালানি তেল বিক্রি। পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় হেলমেট পরা একদল ব্যক্তি পাম্প এলাকায় এসে ভাঙচুর শুরু করেন। তাদের কয়েকজনের হাতে দেশীয় অস্ত্র ছিল। তারা পাম্পের অফিস কক্ষ লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়। আকস্মিক এ হামলায় পাম্পে কর্মরত ব্যক্তিরা আতঙ্কিত হয়ে পড়েন।
পরে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সদর মডেল থানা পুলিশ। ছুটে আসেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া ও পুলিশ সুপার ফজলে এলাহী। এ সময় সংসদ সদস্য পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
মাদারীপুরের পুলিশ সুপার ফজলে এলাহী জানান, একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে এই হামলা চালায়। হামলাকারিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলা৭১নিউজ/আরএইচ





















