গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শ্রমিকদের সুলভ মূল্যে চাল সরবরাহের এ কর্মসূচি চালু করা হয়েছে বলে জানান তিনি।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ঢাকার সাভার সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।
আফরোজা খানম রিতা বলেন, গার্মেন্টস শ্রমিকেরা যাতে কম দামে চাল কিনতে পারেন, সে লক্ষ্যেই ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় শুরু হওয়া এ কর্মসূচি অব্যাহত থাকবে।
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের বিষয়ে খাদ্যমন্ত্রী বলেন, এ সেতু নির্মাণে সরকার প্রচেষ্টা চালাচ্ছে।
একই সঙ্গে সেতুর সঙ্গে রেল যোগাযোগের ব্যবস্থা রাখার বিষয়েও সরকারের পরিকল্পনা ও উদ্যোগ রয়েছে।
কৃষকদের স্বার্থের বিষয়ে তিনি বলেন, কৃষকেরা যাতে তাদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পান, সে বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।
সাভার সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং ঢাকা-২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দীন।
এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
বাংলা৭১নিউজ/আরএইচ






















