সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে পোশাক শ্রমিকদের তিন দফা দাবিতে বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
এ সময় সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বুধবার সকাল ৯টার দিকে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড ও পদ্মার মোড় এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেন।
এতে প্রায় ২ ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানালেন, সকালে পদ্মার মোড় এলাকায় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিলে তাদের সরে যেতে বলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। এক পর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।
একই সময়ে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় কয়েক শ শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
এদিকে সকাল সাড়ে ১০টার দিকে হেমায়েতপুর-সিংগাইর সড়কে আন্দোলনরত শ্রমিকরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। এর কিছুক্ষণ পর পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার হন স্টার টেলিভিশনের সাংবাদিক সোহান সিরাজী এবং ৭১ টেলিভিশনের সাংবাদিক রায়হান বিন ও ক্যামেরাপারসন উজ্জ্বল হোসেন। সংঘর্ষ ও হামলায় পুলিশ ও সংবাদকর্মীসহ অন্তত ১০ জন আহত হন।
পরে বেলা ১১টার দিকে পুলিশ ও বিজিবি সদস্যরা কঠোর অবস্থান নিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেন।
এরপর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল আবার শুরু হয়।
অন্যদিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। এ পরিস্থিতিতে কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। ছুটি পেয়ে শ্রমিকরা বেরিয়ে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ দ্রুত তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ওসি মো. আসাদুজ্জামান নূর বলেন, শ্রমিকরা তিন দফা দাবিতে মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সড়ক থেকে সরিয়ে দিতে সক্ষম হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ






















