গাজীপুরের টঙ্গীতে সড়ক পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার এক শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনার পর ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
এতে উভয়পাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে মাদরাসার পাশে সিএনজি পাম্পের সামনে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম আব্দুল্লাহ আল জাবির। সে ওই মাদরাসার আলিম প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাদরাসা ছুটির পর রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস আব্দুল্লাহ আল জাবিরকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
মাদরাসার ছাত্র সংসদের ভিপি মঈনুল ইসলাম অভিযোগ করেন, ওই এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণে প্রশাসনের দীর্ঘসূত্রিতা ও উদাসীনতার কারণে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে প্রধান সড়ক পারাপার করতে হচ্ছে।
ফলে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। ফুটওভার ব্রিজ নির্মাণের দাপ্তরিক কার্যক্রম কিছুটা এগোলেও বাস্তবায়নের ক্ষেত্রে নানা ধরনের টালবাহানা চলছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ ওই স্থানে অবিলম্বে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন তিনি।
দুপুর ৩টা ১৫ মিনিটে ঘটনাস্থল থেকে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, দুপুর দেড়টায় মহাসড়ক বন্ধ হয়েছে, এখনো বন্ধ আছে। আমরা অবরোধ প্রত্যাহার করানোর চেষ্টা করছি।
বাংলা৭১নিউজ/আরএইচ






















