বিশ্ব ক্রিকেটে বিধ্বংসী ব্যাটার হিসেবেই পরিচিত জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। নিজের দিনে কি করতে পারেন প্রতিপক্ষের বোলাররা ভালো করে জানে।
আজ তার ব্যাটিং ঝড় দেখল কুইন্সল্যান্ড।
কুইন্সল্যান্ডের বোলারদের পিটিয়ে রেকর্ড গড়েছেন ম্যাকগার্ক। চার-ছক্কার ফুলঝুরিতে মাত্র ১৪ বলেই ফিফটি। পরে সেঞ্চুরি পূর্ণ করলেন ৪৯ বলে।
তাতে অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডেতে নিজের গড়া দ্রুততম ফিফটির রেকর্ড ভাঙলেন তিনি।
অ্যাডিলেডের ক্যারেন রল্টন ওভালে কুইন্সল্যান্ডের বিপক্ষে ৬৩ বলে ১২২ রান করেন ম্যাকগার্ক। ইনিংসে ছিল ১০টি চার ও ৯টি ছক্কা। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।
এর আগে ২০২৩ সালে ১৮ বলে ফিফটি করে অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডেতে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছিলেন ম্যাকগার্ক। এবার নিজের সেই রেকর্ড ভাঙলেন চার বল কম খেলেই। বিশ্ব ক্রিকেটে লিস্ট ‘এ’-তে দ্রুততম ফিফটির তালিকায় এখন যৌথভাবে চতুর্থ স্থানে তিনি। ১১ বলে ফিফটি করে বিশ্ব রেকর্ডটির মালিক ভারতের বৈভব সূর্যবংশী।
ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ম্যাকগার্ক।
দ্বিতীয় ওভারে টম স্ট্রেকারের বলে নেন ২২ রান। চতুর্থ ওভারে টম হুইটনিকে পিঠিয়ে নেন ১৬ রান। ষষ্ঠ ওভারে হেইডেন কেরের বলে চার-ছক্কা হাঁকিয়ে ১৪ বলে পূর্ণ করেন ফিফটি। পরের ৮ বলে চারটি চার ও একটি ছক্কায় পৌঁছে যান ৭৫ রানে। তখন নিজের করা ২৯ বলে সেঞ্চুরির বিশ্ব রেকর্ড ভাঙার সম্ভাবনাও জেগেছিল। তবে কুইন্সল্যান্ড অধিনায়ক মিচেল সোয়েপসনের নিয়ন্ত্রিত বোলিংয়ে থামে সেই ঝড়। পরে ৪৯ বলে যখন সেঞ্চুরি পূর্ণ করলেন তখন টানা ২ ছক্কা মারেন হুইটনিকে।
২০২৩ সালে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ডটি গড়েন ম্যাকগার্ক। তাসমানিয়ার বিপক্ষে ২৯ বলে তিন অংক ছুঁয়েছিলেন সাউথ অস্ট্রেলিয়ার ব্যাটার। তাতে ভেঙে গিয়েছিল ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ বলে সেঞ্চুরি হাঁকানো দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড।
ম্যাকগার্কের রেকর্ডের দিনে সেঞ্চুরি পেয়েছেন তার সতীর্থ ও দলের অধিনায়ক নাথান ম্যাকসুইনিও। খেলেছেন ১০৬ রানের ইনিংস। তাতে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ৩৯৭ রানের সংগ্রহ পায় দক্ষিণ অস্ট্রেলিয়া। লক্ষ্য তাড়া করতে নেমে ল্যাকলান হার্ন সেঞ্চুরি (১২১) করলেও ২৭১ রানে থেমে যায় কুইন্সল্যান্ডের ইনিংস। দলকে ১২৬ রানের জয় এনে দেওয়ার পথে ৫ উইকেট নিয়েছেন দক্ষিণ অস্ট্রেলিয়ার পেসার স্পেনসার জনসন।
বাংলা৭১নিউজ/আরএইচ



























