রাজধানীর উত্তরায় নূন্যতম বেতন বৃদ্ধির দাবিতে পঞ্চম দিনের মতো মহাসড়ক অবরোধের চেষ্টা করে পোশাক শ্রমিকরা। পুলিশ বাধা দিলে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে ১৯ জন পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ ছাড়াও পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার রাজলক্ষ্মী এলাকায় পোশাক শ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে এ ঘটনা ঘটে।
আজ সকাল ১০টার দিকে উত্তরার উত্তরখান ও দক্ষিণখান থানা এলাকার বিভিন্ন গার্মেন্টস শ্রমিকরা কসাইবাড়ি রেলগেট, জামতলা রেলগেট, আজমপুর রেলগেট, জসিমউদ্দিনের হলি ল্যাব মোড়ে জড়ো হতে শুরু করেন।
পরবর্তীতে বেলা ১১টার দিকে রাজলক্ষ্মী সংলগ্ন উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কে একত্রিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশ অবরোধের চেষ্টা করেন তারা। তখন পুলিশ বাধা দিলে পোশাক শ্রমিকরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। পরে পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে আন্দোলনরত শ্রমিকদের সরিয়ে দেন।
বাংলা৭১নিউজ/আরএইচ

























