স্বামী আদিত্য ধরের সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এ ক্যামিও করেছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। ছবিতে তার এই বিশেষ উপস্থিতির জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক পেয়েছিলেন কি না, তা নিয়ে এবার মুখ খুলেছেন অভিনেত্রী।
সম্প্রতি মারাঠি কুইজ শো ‘কৌন হোনার ক্রোড়পতি’-তে অতিথি হিসেবে হাজির হন ইয়ামি। অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। সেখানে ইয়ামির নতুন সিনেমা ‘নয়ি নাভেলি’ নিয়ে আলোচনার পাশাপাশি উঠে আসে ‘ধুরন্ধর ২’-তে তার ক্যামিওর প্রসঙ্গ।
অনুষ্ঠানের একটি প্রচারমূলক ভিডিওতে মাধুরী ইয়ামিকে প্রশ্ন করেন, স্বামীর সিনেমায় ক্যামিও করার জন্য তিনি পারিশ্রমিক পেয়েছিলেন, নাকি আদিত্যর অনুরোধেই ছবিতে কাজ করতে রাজি হয়েছিলেন।
জবাবে ইয়ামি বলেন, ‘আমি কোথাও পড়েছিলাম, এই ক্যামিওর জন্য নাকি আমি অনেক বড় অঙ্কের চেক পেয়েছি। তখন ভেবেছিলাম, এসব কী! তবে কিছু কিছু বিষয় অমূল্য।’
ইয়ামি আরো জানান, আদিত্য তাকে সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়ে বলেছিলেন, তিনি চান ইয়ামি তার ছবিতে আসুন, সৌভাগ্য বয়ে আনুন এবং পর্দায় সবার নজর কাড়ুন। পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে বিশেষ বলেও উল্লেখ করেন তিনি।
অভিনেত্রীর ভাষায়, অন্যতম সেরা পরিচালকদের একজনের নির্দেশনায় কাজ করাটাই ছিল তার পারিশ্রমিক। তবে ‘ধুরন্ধর ২’-তে ক্যামিও করার জন্য কত টাকা পেয়েছেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো অঙ্ক জানাননি ইয়ামি।
মাধুরীও সিনেমাটিতে ইয়ামির উপস্থিতির প্রশংসা করেন। তার মতে, পর্দায় চরিত্রটি ঘুরে দাঁড়ানোর পর যখন দেখা যায় সেখানে ইয়ামি রয়েছেন, তখন মুহূর্তটি বেশ উপভোগ্য হয়ে ওঠে।
আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ২০২৫ সালের ‘ধুরন্ধর’ সিনেমার পরবর্তী কিস্তি।
এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। আরো রয়েছেন আর্জুন রামপাল, রাকেশ বেদি, দানিশ প্যান্ডোর, সঞ্জয় দত্ত ও সারা অর্জুনসহ অনেকে।
এদিকে ইয়ামির নতুন সিনেমা ‘নয়ি নাভেলি’ মুক্তি পেয়েছে শুক্রবার (১৬ অক্টোবর)। এতে আরো অভিনয় করেছেন আদিনাথ কোঠারে, মিতা বশিষ্ঠ, সোনাল ঝা ও সুনীতা রাজওয়ার।
বাংলা৭১নিউজ/আরএইচ





























