যুদ্ধক্ষেত্রে যোগাযোগ ও ড্রোন অভিযান পরিচালনায় ইউক্রেনের ব্যবহৃত স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা সীমিত করার নির্দেশ হোয়াইট হাউসের ভেতর থেকেই এসেছিল। বিষয়টি সম্পর্কে অবগত দুই মার্কিন কর্মকর্তা ও একজন পশ্চিমা কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ইউক্রেনের সামরিক বাহিনীর ব্যবহৃত স্পেসএক্সের স্টারশিল্ড সেবা ধীর করার বার্তা পেয়েছিলেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের শীর্ষ কর্মকর্তারা। তবে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, হোয়াইট হাউসের ঠিক কে এ সিদ্ধান্ত নিয়েছিলেন কিংবা কে তা বাস্তবায়নের দায়িত্বে ছিলেন, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। স্টারলিংকের সামরিক সংস্করণ স্টারশিল্ডের সবচেয়ে বড় ক্রেতা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর বা পেন্টাগন।
এ সপ্তাহে ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, দ্রুতগতিতে চলমান যানে স্থাপন করা সামরিক মানের স্টারলিংক রিসেপ্টরগুলো কাজ করা বন্ধ করে দিয়েছিল। এর ফলে ইউক্রেনের আকাশসীমায় ড্রোনের অনবোর্ড গাইডেন্স ব্যবস্থায় বিঘ্ন ঘটে। এসব ড্রোন পরিচালনার ক্ষেত্রে রিসেপ্টরগুলোর ওপর নির্ভরশীলতা থাকায় অভিযানের কার্যকারিতাও ব্যাহত হয়।
বৃহস্পতিবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রিসেপ্টরগুলো এখন চলন্ত অবস্থায় আবার কাজ করছে। তবে এগুলোর কার্যকর গতিসীমা ঘণ্টায় সর্বোচ্চ ১০০ মাইল বা প্রায় ১৬০ কিলোমিটার পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে।
তেল শোধনাগারে হামলা নিয়ে ইউক্রেনকে চাপ যুক্তরাষ্ট্রের
গুরুত্বপূর্ণ এই যোগাযোগব্যবস্থা সাময়িকভাবে সীমিত করার পদক্ষেপ এসেছে এমন সময়, যখন রুশ শোধনাগারে হামলা বন্ধে কিয়েভকে চাপ দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জ্বালানির আকাশছোঁয়া দামের জন্য তিনি এসব হামলাকে দায়ী করছেন। এ দাম নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে তার রিপাবলিকান দলের সম্ভাবনায় আঘাত হানছে। তবে বিশেষজ্ঞদের মতে, জ্বালানি খরচ বাড়ার মূল কারণ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ, যাতে ইরান জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি মূলত বন্ধ হয়ে গেছে।
স্টারশিল্ড সীমিত করার আদেশ নিয়ে মন্তব্য চাইলে একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট কখনও এমন অনুরোধ করেননি। প্রশাসনের অন্য কর্মকর্তারা অনুরোধ করেছেন কিনা, এ প্রশ্নের জবাব দেয়নি হোয়াইট হাউস।
স্পেসএক্স সরকারি ও জাতীয় নিরাপত্তা ক্রেতাদের জন্য, বিশেষ করে মার্কিন প্রতিরক্ষা বিভাগের জন্য বিশেষভাবে স্টারশিল্ড তৈরি করেছে। এর মেরুদণ্ড স্টারলিংক নক্ষত্রপুঞ্জ।
ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, এসব বিধিনিষেধ দখলকৃত এলাকায় রুশ বাহিনী ও লজিস্টিকসের বিরুদ্ধে হামলা অভিযান জটিল করেছে এবং ইউক্রেনের দিকে আসা রুশ শাহেদ ড্রোন ভূপাতিত করতে ব্যবহৃত ইন্টারসেপ্টর ড্রোনকে ধীর করেছে।
স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক বুধবার এক্সে বলেন, স্টারশিল্ড ব্যবস্থার মালিকানা ও নিয়ন্ত্রণ মার্কিন সরকারের হাতে থাকায় গতি বা ব্যবহারের যেকোনও সীমা ঠিক করে মার্কিন সামরিক বাহিনী বা প্রেসিডেন্ট। মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি স্পেসএক্স। প্রতিরক্ষা বিভাগ ও ওয়াশিংটনে ইউক্রেনের দূতাবাসও সাড়া দেয়নি।
বাংলা৭১নিউজ/আরএইচ
























