তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত ১৫৩তম আইপিইউ সম্মেলনে সফল অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।
রোববার (১১ অক্টোবর) তিনি ঢাকায় ফেরেন। গত ৫ অক্টোবর আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন স্পিকার। ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
একই দিন (৫ অক্টোবর ২০২৬) আইপিইউর ১৫৩তম অ্যাসেম্বলিতে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, এমপি। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে অনন্য গৌরব অর্জন করেছে বাংলাদেশ।
এশিয়া-প্যাসিফিক গ্রুপে ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে। এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও জোরালো হবে বলে আশা করা হচ্ছে।
স্পিকারের সফরসঙ্গী হিসেবে ছিলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, এমপি; সাঈদ আল নোমান, এমপি; সানজিদা ইসলাম তুলি, এমপি; সরওয়ার জামাল নিজাম, এমপি; এ. ই. সুলতান মাহমুদ বাবু, এমপি; মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এমপি; এস কে আজিজুল বারী, এমপি; হুমাম কাদের চৌধুরী, এমপি; মীর আহমাদ বিন কাসেম, এমপি; সানসিলা জেবরিন, এমপি এবং রোকেয়া বেগম, এমপি। তাদের সঙ্গে ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া।
স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধি দল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।
বাংলা৭১নিউজ/আরএইচ






















