জামায়াত-শিবির এআই দিয়ে সরকারবিরোধী প্রোপাগান্ডা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, এআইয়ের মাধ্যমে জামায়াত-শিবির সরকারের বিরুদ্ধে যে সংঘবদ্ধ অপপ্রচার ও প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে, তা আওয়ামী লীগের নেতাকর্মীরাও করেনি। এটি জামায়াতের অপরাজনীতি। চব্বিশের জুলাইয়ের পরে বাকস্বাধীনতার নামে অপতথ্য ছড়ানো হচ্ছে।
সভায় আধিপত্যবাদ থেকে জনগণকে মুক্ত করতে বিএনপির বিকল্প নেই উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, ফ্যাসিস্ট শক্তি সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
সরকারের বিরুদ্ধে চক্রান্ত ও ষড়যন্ত্র করছে। দেশের জনগণকে তা রুখে দিতে হবে। এ সময় তিনি দেশের মানুষকে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।
রাশেদ খান বলেন, শহীদ ওসমান হাদি জাতীয়তাবাদী চেতনার অংশ।
বাংলা৭১নিউজ/আরএইচ























