টাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে দুর্গা প্রতিমাসহ সাতটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের জামুর্কী গ্রামের পশ্চিমপাড়ায় রাধাগোবিন্দ মন্দিরসংলগ্ন আর্য সমিতির দুর্গামন্দিরে এসব প্রতিমা ভাঙচুর করা হয়।
খবর পেয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার শামসুল আলম, উপজেলা নির্বাহী অফিসার জহিরুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজা, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) আদনান মোস্তাফিজ, থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিকাশ গোস্বামী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জামুর্কী এক নম্বর ওয়ার্ড মেম্বার লুৎফর রহমান বলেন, খবর পেয়ে তিনি মণ্ডপটি পরিদর্শন করেন। বুধবার রাত সাড়ে দশটা পর্যন্ত পূজা উদযাপন কমিটির লোকজন মণ্ডপটিতে উপস্থিত ছিলেন বলে জানতে পেরেছেন। এরপর রাতের যে কোনো সময় দুর্বৃত্তরা প্রতিমাগুলো ভাঙচুর করে।
জামর্কী পশ্চিমপাড়া আর্য সমিতির সভাপতি প্রকাশ বাকালী জানান, দীর্ঘ ৮৭ বছর যাবৎ এই মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। বিগত বছরগুলোতে এরকম কোনো ঘটনা এই মণ্ডপে ঘটেনি। এই প্রথম রাতের আঁধারে মণ্ডপটির সাতটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
মির্জাপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিকাশ গোস্বামী বলেন, নির্বিঘ্নে দুর্গাপূজা অনুষ্ঠানের জন্য পুলিশ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম বলেন, ওই মন্দিরটি পরিদর্শন শেষে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপনসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য বরাদ্দও দেওয়া হয়েছে।
সহকারী পুলিশ সুপার মো. আদনান মুস্তাফিজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ভাঙচুরের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বাংলা৭১নিউজ/আরএইচ

























