চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে হৃদয় (১৬) হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১০টা ১৫ মিনিটের দিকে নগরীর ওয়্যারলেস কলোনির ৪ নম্বর সড়ক তালতলা এলাকায় হৃদয়কে ছুরিকাঘাত করা হয়।
ওসি আব্দুর রহিম বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, স্থানীয় কয়েকজন কিশোরের মধ্যে বিরোধের জেরে হৃদয়কে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এক প্রশ্নের জবাবে ওসি রহিম জানান, ঘটনার পর অভিযান চালিয়ে তাৎক্ষণিক কামরুল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে হত্যাকাণ্ডে জড়িত কিশোর গ্যাংয়ের আরো চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনী প্রক্রিয়া শেষে হৃদয়ের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
হত্যার বিচার চেয়ে হৃদয়ের চাচা বলেন, ‘আমার ভাতিজাকে ঘর থেকে ডেকে নিয়ে কামরুলের নেতৃত্বে খুন করা হয়েছে।
আমরা আমাদের ছেলে হত্যার বিচার চাই।’
বাংলা৭১নিউজ/আরএইচ






















