সিরাজগঞ্জের শাহজাদপুরে নদীতে ডুবে সজীব (২৫) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে নৌকা থেকে নদীতে পড়ে গিয়ে তিনি নিখোঁজ হন।
পরে দুপুরে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত সজীব উপজেলার রাউতারা গ্রামের আবদুল মজিদ সরদারের ছেলে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার সকাল ৬টার দিকে সজীব রাউতারা এলাকা থেকে ইঞ্জিন চালিত ট্রলারে করে বাঘাবাড়ি নৌ বন্দরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বড়াল নদীর মাঝামাঝি পৌঁছলে তিনি হঠাৎ নৌকা থেকে পড়ে গিয়ে পানিতে তলিয়ে যান।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ ও শাহজাদপুর ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। সকাল ১১টার দিকে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে।
শাহজাদপুর ফায়ার স্টেশনের ইনচার্জ পারভেজ আহমেদ জানান, প্রায় এক ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে বেলা সাড়ে ১২টার দিকে সজীবের মৃতদেহ নদী থেকে উদ্ধার করা হয়। এরপর মৃতদেহ পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ























