মণি রত্নমের ‘আলাইপায়ুথে’ সিনেমার মাধ্যমে তামিল চলচ্চিত্রে অভিনেতা আর মাধবনের অভিষেক ঘটে। ক্যারিয়ারের সেই শুরুর সময়ে সিনেমার স্বার্থে তাকে স্ত্রীর পরিচয় গোপন রাখার পরামর্শ দেওয়া হয়েছিল।
তৎকালীন চলচ্চিত্র শিল্পের একাংশের ধারণা ছিল, বিবাহিত কোনো অভিনেতাকে রোমান্টিক নায়ক হিসেবে ইন্ডাস্ট্রি গ্রহণ করতে চান না।
বক্স অফিসের সাফল্যের জন্য স্ত্রীর অস্তিত্ব অস্বীকার করতে রাজি হননি মাধবন। তিনি বিষয়টি নিয়ে সরাসরি পরিচালক মণি রত্নমের সঙ্গে কথা বলেন। মণি রত্নম অবশ্য তাকে বিয়ের কথা গোপন করতে কোনো চাপ দেননি।
এরপর সিনেমার বিভিন্ন প্রচারণামূলক অনুষ্ঠানে মাধবন সগৌরবে তার বিয়ের কথা তুলে ধরেন।
মাধবন জানান, ক্যারিয়ারের কঠিন দিনগুলোতে স্ত্রী সরিতা তার পাশে ছিলেন। তাই ক্যারিয়ারে ব্যর্থ হওয়া মেনে নেওয়া গেলেও স্ত্রীর পরিচয় গোপন করে তাকে অসম্মান করা তার পক্ষে সম্ভব ছিল না। শেষ পর্যন্ত নিজের সততা বজায় রেখেই তিনি তার অভিনয় ক্যারিয়ার এগিয়ে নিয়ে যান।
বাংলা৭১নিউজ/আরএইচ



























