রাজধানীর শাহবাগে বারডেম হাসপাতালের ১৬ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিন মিয়া।
নিহত রাসেল রাজধানীর গেন্ডারিয়ার টিএস পোস্ট অফিস এলাকার বাসিন্দা ইমাম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল হাসপাতালের রোগী বা স্টাফ ছিলেন না। সন্ধ্যায় তিনি ভবনের সিঁড়ি দিয়ে ১৬ তলার ছাদে উঠে যান। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর তিনি নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
রমনা থানার পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে রাসেল বেকার ও মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে। এর আগে তিনি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। মাদকাসক্তির কারণে কিছুদিন আগে তার স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। তার ১১ বছরের একটি সন্তান রয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহ ও বিবাহবিচ্ছেদের জেরে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস
























