ঢাকার ধামরাইয়ে সুবিধাবঞ্চিত ৪০ বেদে পরিবারকে খাসজমি এবং ২৫ সদস্যকে সেলাই মেশিন দিয়েছে জেলা প্রশাসন। এ ছাড়া সড়ক নির্মাণের জন্য ৫ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা দেন করেন জেলা প্রশাসক ফরিদা খানম।
এ সময় তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত বেদে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এসব সহায়তা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলার বেদে সম্প্রদায়ের পরিবারগুলোকেও সহযোগিতার আওতায় আনা হবে।
ফরিদা খানম বলেন, একটি সেলাই মেশিনের মাধ্যমে একটি পরিবারের অন্তত পাঁচজন সদস্যের জীবিকা নির্বাহের সুযোগ তৈরি হতে পারে।
সেলাই মেশিনের পাশাপাশি বেদে পল্লির বাসিন্দাদের বাড়ির আঙিনার ফাঁকা জায়গায় ফলমূল ও সবজি চাষ এবং হাঁস-মুরগি পালনের প্রতিও উৎসাহিত করা হচ্ছে।
জেলা প্রশাসনের এই উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেন বেদে পল্লির সদস্যরা। তারা বলেন, খাসজমি, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা তাদের জীবনযাত্রায় নতুন সম্ভাবনা তৈরি করবে। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার দাবি জানান তারা।
বেদে পল্লির পূর্ণিমা আক্তার বলেন, আপনারা বেদে সম্প্রদায়ের দিকে তাকিয়েছেন, সে জন্য ধন্যবাদ। সেলাই মেশিন দিয়েছেন। এটা দিয়ে আমরা পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে পারব। আগে থেকে কাজ জানতাম। কিন্তু মেশিন না থাকার কারণে কাজ করতে পারতাম না।
এখন করতে পারব।
হেনা নামে আরেকজন বলেন, এত কিছু পেয়ে আমরা খুশিতে আত্মহারা। চাওয়ার আগে আমরা পেয়ে যাই। ঘরবাড়ি দিয়েছেন, মেশিন দিয়েছেন। রাস্তাও করে দিয়েছেন। এর আগে অনুদানও দিয়েছেন। কী আর চাইব। চাওয়ার আগেই পাই।
এ সময় বেদে পল্লির পক্ষ থেকে ফরিদা খানমকে একটি ব্যাগ উপহার দেওয়া হয়। পেয়ে উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ফরিদা খানম।
বাংলা৭১নিউজ/আরএইচ























