শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১০ রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির ফ্যাসিবাদী শাসনে ইসির প্রতি জনআস্থা শূন্যের কোটায় নেমেছিল : রাষ্ট্রপতি ফ্যাসিস্ট ও তাদের দোসররা যেন সংসদকে কলুষিত করতে না পারে : নাহিদ সংসদের দর্শকসারিতে ড. ইউনূস-জুবাইদা-জাইমা খালেদা জিয়া মানেই আপসহীন গণতন্ত্র আর সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী সংসদ হবে দেশের সব সমস্যা সমাধানের মূল কেন্দ্রবিন্দু : প্রধানমন্ত্রী সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

বিশ্বাসঘাতক উজ্জ্বল : মালিকের আস্থার সুযোগ নিয়ে করেন লকার ফাঁকা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

রাজধানীর হাতিরঝিল এলাকায় একটি বাসায় চাঞ্চল্যকর চুরির ঘটনায় দায়ের করা মামলায় চুরি হওয়া ৭৪ লাখ টাকা উদ্ধারসহ চোরকে গ্রেপ্তার করেছে ডিএমপির হাতিরঝিল থানা পুলিশ। তার নাম মো.উজ্জল (৩১)।

মঙ্গলবার (১৩ মে) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে গাজীপুর সদর থানাধীন মৌবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৫ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

হাতিরঝিল থানা সূত্রের বরাত দিয়ে মুহাম্মদ তালেবুর রহমান বলেন, রাজধানীর হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরার মহানগর প্রজেক্টে কক্সবাজারের হোটেল সি প্যালেসের মালিক এ. এস. এম আলাউদ্দিন ভূইয়ার বাসায় একটি চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটে। আলাউদ্দিন ভূইয়া গত ১০ মে হাতিরঝিল থানায় অভিযোগ করেন তার বাসার কেয়ারটেকার মো. উজ্জ্বল তার বাসা থেকে এক কোটি ৫০ লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালংকার (আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা) এবং ৭,০০০ মার্কিন ডলার চুরি করে পালিয়ে গেছে। এই অভিযোগের ভিত্তিতে উজ্জ্বলসহ তার স্ত্রী মোছা. নাসরিন ও উজ্জ্বলের মা লুৎফার বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার এজাহারে বলা হয়, আলাউদ্দিন ভূইয়া গত ৩ মে সকাল সাড়ে ১০টায় কক্সবাজারে তার হোটেল তদারকির জন্য রওনা হন। এর আগে ২ মে তিনি তার বাসায় কর্মরত কেয়ারটেকার উজ্জ্বলকে গ্রামের বাড়িতে ছুটিতে যাওয়ার অনুমতি দেন। আলাউদ্দিন ভূইয়া ৬ মে ঢাকায় ফিরে আসেন এবং ৮ মে রাতে তার মেয়ে ব্যারিস্টার ফারজানা আক্তারের সঙ্গে বাসার স্টিলের আলমারি খুলে দেখেন তা খোলা এবং ভেতরে রক্ষিত স্বর্ণালংকার ও টাকা নেই। সিসিটিভি ফুটেজে তারা দেখতে পান, ২ মে সন্ধ্যায় উজ্জ্বল বাসার সিসি ক্যামেরাগুলো উপরের দিকে ঘুরিয়ে দেয় এবং আলাউদ্দিন ভূইয়ার কক্ষে প্রবেশ করে।

পরদিন ৩ মে দুপুরে উজ্জল একটি ব্যাগ কাঁধে নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। উজ্জ্বল ব্যবসায়ী আলাউদ্দিন ভূইয়ার কক্সবাজারের হোটেলে ছয় বছর আগে বাবুর্চি হিসেবে কাজ করত এবং ২০১৯ সাল থেকে ঢাকায় তার বাসায় কেয়ারটেকার হিসেব কর্মরত ছিল। আলাউদ্দিন ভূইয়ার স্ত্রীর মৃত্যুর পর উজ্জ্বল বাসার যাবতীয় কাজ করত এবং আলমারির লকারের পাসওয়ার্ড জানত।

তিনি বলেন, মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় দ্রুত উজ্জ্বলের অবস্থান শনাক্ত করা হয়। এরপর গাজীপুর সদর থানাধীন মৌবাগ এলাকায় তার ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেখানো মতে তার বাসার আলমারি থেকে ৬০ লক্ষ টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, চুরি করা টাকা দিয়ে সে একটি আলমারি ও ফ্রিজ কিনেছে, যা পরে পুলিশ জব্দ করে।

থানা সূত্রে আরো জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জ্বল জানায় চুরি করা আরও ১৪ লাখ টাকা  গাজীপুর সদর থানাধীন শিমুলতলী বাজারে তার ভগ্নিপতির বাড়িতে লুকিয়ে রেখেছে। পরে বিকেলে পুলিশ তার ভগ্নিপতির বাড়ির শয়ন কক্ষের খাটের নিচ থেকে ওই ১৪ লাখ টাকা উদ্ধার করে।

তাকে আদালতে হাজির করা হলে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়ে এবং চুরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দেয়। মামলার অপর দুই আসামি ও চুরি হওয়া অবশিষ্ট টাকা উদ্ধারে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com