দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো সুদৃঢ় করতে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে ভারত ও উজবেকিস্তান। তাসখন্দে উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাফকাত মির্জিওয়েভের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
সফরকালে দুই দেশের শীর্ষ নেতারা যৌথ সামরিক মহড়া ‘ডাস্টলিক’-এর সফল আয়োজনের প্রশংসা করেন, যার সপ্তম ও সর্বশেষ সংস্করণটি ২০২৬ সালের এপ্রিলে উজবেকিস্তানের নামানগান অঞ্চলে অনুষ্ঠিত হয়েছিল। এ ছাড়া প্রতিরক্ষা শিল্পের বিকাশ, যৌথ উৎপাদন এবং সক্ষমতা বৃদ্ধিতে দুই দেশ একযোগে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে। প্রধানমন্ত্রী মোদি জানান, দুই দেশের গভীর সামরিক সম্পর্কই এই অঞ্চলের নিরাপত্তার মূল ভিত্তি।
সন্ত্রাসবাদ দমনে দুই দেশই (জিরো টলারেন্স) নীতি বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
যৌথ বিবৃতিতে সীমান্ত সন্ত্রাসসহ সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয় এবং সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংসের পাশাপাশি সহায়তাকারীদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়।
এ ছাড়া বৈঠকে তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, শক্তি নিরাপত্তা, বাণিজ্য এবং মহাকাশ গবেষণার মতো কৌশলগত ক্ষেত্রগুলোতে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে সম্মতি জানান দুই নেতা। প্রধানমন্ত্রীর এই সফর শেষে উজবেকিস্তান থেকে কিরগিজস্তানের বিশকেকে ২৬তম এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ






















