নারায়ণগঞ্জের ফতুল্লায় সরকারবিরোধী মিছিলের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩০ আগস্ট) দুপুরে বিষয়টি কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুবুর আলম।
এর আগে শনিবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় গ্র্যান্ড চাঁদনী রেস্টুরেন্টের বিপরীতে ঢাকামুখী প্রধান সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—আবরার আহম্মেদ (১৮), ইয়াসিন (১৮), রাব্বি (২০), শিমুল (২০), ফেরদৌস (১৮), পলক (১৭), আবু বকর (১৬), তানভীর (১৫), লিমন (১৭) ও নয়ন (১৮)। তাদের মধ্যে আবরার আহম্মেদ নারায়ণগঞ্জ সদর থানার পাইকপাড়া এলাকার বাসিন্দা। অপর নয়জন ফতুল্লা মডেল থানার বিসিক এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, রাত ১০টার দিকে সাইনবোর্ডের গ্র্যান্ড চাঁদনী রেস্টুরেন্টের বিপরীতে ঢাকামুখী সড়কে কয়েকজন জড়ো হন। পুলিশ তাদের ধাওয়া দিলে বেশিরভাগই দৌড়ে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করে থানায় নেওয়া হয়।
ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুবুর আলম জানান, গ্রেপ্তার সবাই আজমেরী ওসমানের অনুসারী।
ভূইগড়-সাইনবোর্ড এলাকায় সরকারবিরোধী মিছিল ও নাশকতার প্রস্তুতি নেওয়া হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সন্ধ্যার পর থেকে মহাসড়কের ওই এলাকায় পুলিশের একাধিক দল অবস্থান নেয়। মিছিল শুরুর আগমুহূর্তেই তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, আজমেরী ওসমানের সমর্থনে লিমন ও ফয়সাল দর্পণের নির্দেশে তারা সেখানে জড়ো হয়েছিলেন।
বাংলা৭১নিউজ/আরএইচ

























