থাইল্যান্ডের ভিসা আবেদনে নতুন দুটি শর্ত যুক্ত করা হয়েছে। আগামী সোমবার (৩১ আগস্ট) থেকে এসব শর্ত কার্যকর হবে।
ঢাকার থাই দূতাবাস জানিয়েছে, ৩১ আগস্ট থেকে ‘ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসা’ (ডিটিভি) আবেদনকারীদের অতিরিক্ত দুটি নথি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, ভিসা আবেদনকারীদের যে দেশ থেকে আবেদন করছেন, সেই দেশে তাদের স্থায়ী বসবাসের প্রমাণপত্র জমা দিতে হবে। পাশাপাশি আবেদনকারীর নিজ দেশ অথবা স্থায়ী বসবাসের দেশ থেকে ইস্যু করা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে হবে। পুলিশ ক্লিয়ারেন্সের পরিবর্তে কোনো অপরাধমূলক রেকর্ড নেই এমন সরকারি নথিও গ্রহণযোগ্য হবে।
দূতাবাসের নির্দেশনা অনুযায়ী, এসব নথি মূল ভাষার পাশাপাশি ইংরেজিতে অনুবাদ করে জমা দিতে হবে।
ভিসা আবেদনের আগে আবেদনকারীদের প্রয়োজনীয় সব কাগজপত্রের তালিকা ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে থাই দূতাবাস।
ডিটিভি ভিসার আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য থাইল্যান্ডের সরকারি ই-ভিসা পোর্টাল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ


























