ইরানের চলমান অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দেশে উৎপাদন বাড়ানোর পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে মার্কিন ডলারের ব্যবহার ধীরে ধীরে কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।
বার্ষিক ‘সরকারি সপ্তাহ’ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন বাধা ও নিষেধাজ্ঞার মধ্যেও সাধারণ মানুষের প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখায় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকারের প্রশংসা করেন তিনি।
আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেন, দেশের অর্থনৈতিক সমস্যাগুলো মোকাবিলায় নিজস্ব উৎপাদনের ওপর আরও বেশি নির্ভর করতে হবে। যেসব পণ্য দেশে পর্যাপ্ত পরিমাণে উৎপাদিত হয় না, কেবল সেগুলোই প্রয়োজন অনুযায়ী ও বিচক্ষণতার সঙ্গে আমদানি করা উচিত।
দেশের তরুণ ও মেধাবীদের নতুন প্রযুক্তি কাজে লাগিয়ে উন্নয়ন কার্যক্রম আরও দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
জাতীয় ঐক্যকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, এমন কোনো বক্তব্য দেওয়া উচিত নয়, যা মানুষের মনোবল দুর্বল করে দেয়। ‘যুদ্ধ নাকি আলোচনা’—এ ধরনের বিতর্ক উসকে দিয়ে সমাজে বিভেদ ও সংঘাত তৈরি করা থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি।
শিক্ষক, চিকিৎসক এবং সন্তানদের মানুষ করার দায়িত্ব পালনকারী মায়েদের প্রশংসা করে তিনি বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করলে যেকোনো বিদেশি বাধা মোকাবিলা করা সম্ভব।
বাংলা৭১নিউজ/আরএইচ




























