রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে মধ্যরাতে মোটরসাইকেলে দুই যুবকের মাঝে এক তরুণীকে ‘নিথর’ অবস্থায় নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা-কল্পনাও ছড়িয়ে পড়ে।
তবে ওই তরুণী পুলিশকে জানিয়েছেন, মানসিক চাপ কমাতে জেদের বশে তিনি মদ পান করেছিলেন। পরে দুই যুবক তাকে মোটরসাইকেলে করে তার এক বান্ধবীর বাসায় পৌঁছে দেন।
ঘটনার পর শনিবার (২৯ আগস্ট) দুপুরে ওই তরুণীকে টঙ্গী পশ্চিম থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একই দাবি করেন।
তিনি বলেন, মানসিক চাপ কমাতেই জেদের বশে মদ পান করেছিলেন। পরে দুই যুবক মোটরসাইকেলে করে তাকে তার বান্ধবীর বাসায় পৌঁছে দেন।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবির সঙ্গে তরুণীর বক্তব্যের পার্থক্য থাকায় মোটরসাইকেলের দুই আরোহীকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদকে গুরুত্ব দিচ্ছে পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তরুণীর নিরাপত্তার বিষয়টি বিবেচনায় তাকে তার বোনের জিম্মায় দেওয়া হয়েছে। ভিডিওর সূত্র ধরে মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর ও মালিকের পরিচয় শনাক্ত করা হয়েছে। ওই দুই আরোহীকে খোঁজা হচ্ছে।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য যাচাই না করে বিভিন্ন দাবি ছড়িয়ে দেওয়ার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।
বাংলা৭১নিউজ/আরএইচ




























