গোপালগঞ্জের কাশিয়ানীতে দোকানে পাউরুটি কিনতে যাওয়া ৯ ও সাত বছর বয়সী দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক দোকানির বিরুদ্ধে। এ ঘটনায় জসিম মুন্সী (৩৫) নামে ওই দোকানির বিরুদ্ধে মামলা হয়েছে।
ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার রাতইল ইউনিয়নের চরপরানপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জসিম মুন্সী ওই গ্রামের জামাল মুন্সীর ছেলে। তিনি পেশায় ট্রাকচালক এবং পাশাপাশি একটি মুদি দোকান পরিচালনা করেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা ও অভিযোগ সূত্রে জানা গেছে, দুই শিশু আপন বোন। শনিবার দুপুরে তারা জসিম মুন্সীর দোকানে পাউরুটি কিনতে যায়। দোকানে পাউরুটি নেই জানিয়ে জসিম তাদের পাশের একটি বাড়িতে নিয়ে যান। পরে একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে তাদের ধর্ষণের চেষ্টা করেন।
এ সময় ওই দুই শিশুর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে জসিমকে আটকের চেষ্টা করলে তিনি সেখান থেকে পালিয়ে যান। এ ঘটনায় দুই শিশুর বাবা সুলতান মিনা বাদী হয়ে শনিবার সন্ধ্যায় কাশিয়ানী থানায় মামলা করেন।
কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ


























