সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় মোশাররফ হোসেন (৪০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। রবিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে শ্যামলীপাড়া-কয়রা আঞ্চলিক সড়কের উল্লাপাড়া পৌর শহরের পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোশাররফ হোসেন উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের বাসিন্দা ও সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন মোশাররফ হোসেন। দুর্ঘটনাস্থলে পৌঁছালে বালুবাহী ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি মোটরসাইকেলসহ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালককে আটক করা যায়নি। এ বিষয়ে মামলা হবে।
বাংলা৭১নিউজ/আরএইচ


























