ঝিনাইদহের কোটচাঁদপুরে জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে তবিবার হোসেন (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।
রোববার (২৩ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার দোড়া ইউনিয়নের মল্লিকপুর মাঠে এ ঘটনা ঘটে।
নিহত তবিবার হোসেন মল্লিকপুর গ্রামের নবিছদ্দিন মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জমিজমা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তবিবার হোসেনের সঙ্গে তার চাচাতো ভাইয়ের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে চাচাতো ভাই ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রের আঘাতে তবিবার হোসেনের বুকে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কোটচাঁদপুর থানার পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তবিবার হোসেনের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পুলিশ আরও জানায়, ঘটনার পর অভিযুক্ত চাচাতো ভাই পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ
























