সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও তার পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দৈনিক খবরের আলো পত্রিকার সম্পাদক মো. আমিরুজ্জামান (৫০)।
শনিবার (২২ আগস্ট) রাজধানীর পল্লবী থানায় তিনি এ জিডি করেছেন।
জিডিতে তিনি উল্লেখ করেন, গত ২০ আগস্ট দৈনিক খবরের আলো ডিজিটাল প্ল্যাটফর্মে ‘জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের অভিযোগে বাবা-ছেলের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় বদলে ফের প্রভাব বিস্তারের দাবি এলাকাবাসীর’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। ওই সংবাদের জেরে পল্লবী এলাকার মো. সাদাকাত খান কালু ও তার ছেলে মো. ইমরান খান তার ওপর ক্ষুব্ধ হন বলে অভিযোগ করা হয়েছে।
জিডির তথ্য অনুযায়ী, গত ২১ আগস্ট দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পল্লবীর সেকশন-১২ এলাকায় অবস্থানকালে অজ্ঞাতনামা একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে সাংবাদিক আমিরুজ্জামানের ব্যবহৃত মোবাইল ফোনে কল আসে।
কলকারী হিসেবে মো. সাদাকাত খান কালু ও তার ছেলে মো. ইমরান খানের পরিচয় দেওয়া হয়।
অভিযোগে বলা হয়, তারা প্রকাশিত সংবাদটি এক ঘণ্টার মধ্যে ডিলিট করে দিতে বলেন। অন্যথায় সাংবাদিক আমিরুজ্জামান এবং তার পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। এ সময় তাকে গালিগালাজও করা হয়েছে বলে জিডিতে উল্লেখ করেন তিনি।
সাংবাদিক আমিরুজ্জামানের আশঙ্কা, অভিযুক্তরা যেকোনো সময় তার ও পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতি করতে পারেন। ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং নিরাপত্তার স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন করেন তিনি।
জিডিতে অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন সাংবাদিক আমিরুজ্জামান।
জিডির তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এসআই রাশেদুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, হুমকির বিষয় উল্লেখ করে আজই হয়েছে জিডিটি। ইতোমধ্যে কপি হাতে পেয়েছি।
তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলা৭১নিউজ/আরএইচ



























