ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা শাণিতকরণ এবং পণ্য ও কাঁচামাল ক্রয় ও সরবরাহ ব্যবস্থাপনার ওপর বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের লক্ষ্যে একটি যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সম্প্রতি ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট (ওয়াইডব্লিউডিআরসি) এবং নারী উন্নয়ন শক্তি (এনইউএস)-এর যৌথ উদ্যোগে আয়োজিত হয় “ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ক্রয় ও সরবরাহ ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ মডিউল চূড়ান্তকরণ কর্মশালা”।
ওয়াইডব্লিউডিআরসি-এর বনশ্রীস্থ কার্যালয়ে অনুষ্ঠিত এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল—ক্ষুদ্র উদ্যোক্তাদের বাস্তব চাহিদা ও মাঠপর্যায়ের ব্যবসায়িক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে একটি সহজবোধ্য, কার্যকর এবং প্রয়োগযোগ্য প্রশিক্ষণ মডিউল পর্যালোচনা ও চূড়ান্ত রূপ দেওয়া।
অনুষ্ঠানে প্রস্তুতকৃত প্রশিক্ষণ মডিউলটি উপস্থাপন করেন ওয়াইডব্লিউডিআরসি-এর নির্বাহী চেয়ারপারসন নুসরাত সুলতানা আফরোজ। মডিউলটি প্রণয়নে সার্বিক সহযোগিতা করেন নারী উন্নয়ন শক্তির স্বেচ্ছাসেবী জারিন তাসনিম। পুরো কর্মশালায় সভাপতিত্ব করেন নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন।
সভাপতির বক্তব্যে ড. আফরোজা পারভীন ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে সুনির্দিষ্ট দক্ষতার ওপর জোর দিয়ে বলেন, “ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা টেকসই ও লাভজনক করতে কেবল উৎপাদন বা বিক্রয় সম্পর্কে ধারণা থাকলেই চলে না। বরং সঠিক পণ্য ও কাঁচামাল সংগ্রহ, উপযুক্ত সরবরাহকারী নির্বাচন, মূল্য দরকষাকষি, মজুত ব্যবস্থাপনা, পরিবহন এবং বাজারের সঙ্গে কার্যকর সংযোগ স্থাপনের বিষয়ে বাস্তব জ্ঞান থাকা অত্যন্ত জরুরি।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই প্রায়োগিক প্রশিক্ষণ মডিউলটি উদ্যোক্তাদের সঠিক ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে এবং সামগ্রিক দক্ষতা বৃদ্ধিতে অনন্য ভূমিকা পালন করবে।
কর্মশালার বিভিন্ন অধিবেশনে মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন ডোমেস্টিক ওয়ার্কার এমপ্লয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের মিডিয়া সেক্রেটারি সেলিনা খাতুন, ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের নির্বাহী সদস্য আব্দুল মোমিন, ক্ষুদ্র ব্যবসায়ী হাসনাত জাহান হাসি, মনোয়ারা বেগমসহ অন্যান্য নারী উদ্যোক্তা ও আমন্ত্রিত অতিথিরা।
অংশগ্রহণকারীরা মডিউলের বিভিন্ন অধিবেশনের বিষয়বস্তু, প্রশিক্ষণ পদ্ধতি, বাস্তব জীবনের উদাহরণ এবং স্থানীয় পর্যায়ে ক্রয় ও সরবরাহ ব্যবস্থাপনার প্রায়োগিক দিক নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন। তাঁদের গঠনমূলক সুপারিশের ভিত্তিতে মডিউলটিকে আরও সহজ, অংশগ্রহণমূলক ও উদ্যোক্তাবান্ধব করে তোলার প্রয়োজনীয় সংশোধনী আনা হয়।
এই কর্মশালার মধ্য দিয়ে প্রস্তুত করা চূড়ান্ত প্রশিক্ষণ মডিউলটি ভবিষ্যৎ প্রশিক্ষণে একটি কার্যকর নির্দেশিকা হিসেবে ব্যবহৃত হবে। এর মাধ্যমে উদ্যোক্তারা যেসব ক্ষেত্রে উপকৃত হবেন তার মধ্রে রয়েছে- কাঁচামাল ক্রয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং উপযুক্ত সরবরাহকারী বা ভেন্ডর নির্বাচন, বাজারদর যাচাই, কার্যকর দরকষাকষি এবং ব্যবসায়িক ব্যয় ও অপচয় হ্রাস যথাযথ ক্রয় পরিকল্পনা ও সময়মতো পণ্য সংগ্রহ ও সরবরাহের মাধ্যমে মজুত নিয়ন্ত্রণ এবং সরবরাহ ব্যবস্থার সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ ও বাজারের পরিবর্তনশীল চাহিদার সঙ্গে মানিয়ে চলা।
বিশেষ করে নারী ক্ষুদ্র উদ্যোক্তাদের বাস্তব অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও চাহিদাকে প্রাধান্য দিয়ে তৈরি এই মডিউলটি তাঁদের ব্যবসায়িক সক্ষমতা ও আত্মনির্ভরশীলতা অর্জনে অত্যন্ত ফলপ্রসূ হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।
বাংলা৭১নিউজ/এসএইচ

























