কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও বক্তব্য প্রদান করেন।
রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
পরে পাশের মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় মৎস্য দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন তিনি। বক্তব্যে পাকুন্দিয়াবাসীর দীর্ঘদিনের দাবি মুনিয়ারিকান্দি ও গফরগাঁওয়ের দত্তেরবাজার সেতু নির্মাণে প্রকল্প নেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, অ্যাডভোকেট জালাল উদ্দিনসহ পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচির মধ্য দিয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদের জলাশয়ে দেশি মাছের উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় জনগোষ্ঠীর মৎস্য সম্পদে সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ






















