চলতি মাসে সরকারি-বেসরকারি চাকরিজীবীদের জন্য সৃষ্টি হয়েছে আবারও টানা চার দিনের ছুটির সুযোগ। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নির্ধারিত ছুটির সঙ্গে এক দিনের ব্যক্তিগত ছুটি নিলেই এ সুযোগ মিলতে পারে। তবে জরুরি সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই এই সুবিধা পাবেন না।
আগস্টের শেষ সপ্তাহে চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারণ করা হয়েছে। পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) যথারীতি অফিস খোলা থাকবে। এরপর ২৮ ও ২৯ আগস্ট (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি।
ফলে ২৭ আগস্ট এক দিনের ব্যক্তিগত বা নৈমিত্তিক ছুটি নিতে পারলে ২৬ থেকে ২৯ আগস্ট পর্যন্ত টানা চার দিনের ছুটি ভোগ করা যাবে। একইভাবে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে—এমন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীরাও এই সুযোগ নিতে পারবেন।
তবে ঈদে মিলাদুন্নবীর ছুটির তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
আজ চাঁদ দেখা কমিটির সভা
১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) সভাটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
যারা টানা ছুটি পাবেন না
তবে এই টানা চার দিনের ছুটির সুযোগ সবার জন্য প্রযোজ্য নয়। জরুরি ও অত্যাবশ্যকীয় সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজন অনুযায়ী কর্মস্থলে দায়িত্ব পালন করতে হতে পারে। এর মধ্যে রয়েছে—হাসপাতাল, জরুরি স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি, বন্দর, বিমানবন্দর, রেলওয়ে, গণপরিবহন, কারাগার, দুর্যোগ ব্যবস্থাপনা এবং অন্যান্য জরুরি সরকারি সেবার সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বের প্রয়োজনে কর্মস্থলে থাকতে হতে পারে।
এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ডিউটি রোস্টার অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।
অর্থাৎ, ২৬ আগস্ট ছুটি হলে ২৭ আগস্ট এক দিনের ছুটি নিতে পারলেই সাধারণ চাকরিজীবীদের জন্য ২৬-২৯ আগস্ট টানা চার দিনের অবকাশ তৈরি হবে। তবে চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার সিদ্ধান্তের পর।
বাংলা৭১নিউজ/আরএইচ






















