বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক নম্বর জাল করে ডিও (ডেমি-অফিশিয়াল) পত্র তৈরি এবং বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে জমা দিয়ে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টার ঘটনা জাতীয় সংসদ কর্তৃপক্ষের নজরে এসেছে।
সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট জাল পত্রটি জাতীয় সংসদ কর্তৃক ইস্যুকৃত নয় এবং এর সঙ্গে বাংলাদেশ জাতীয় সংসদের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশ জাতীয় সংসদের নাম, লোগো, দাপ্তরিক প্যাড বা অন্যান্য সরকারি পরিচয় জালিয়াতির মাধ্যমে ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করা আইনত দণ্ডনীয় অপরাধ।
এতে আরো বলা হয়, বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের নজরে আসার পর জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
জাতীয় সংসদ সচিবালয় ভবিষ্যতে সংসদের নামে প্রাপ্ত কোনো ডিও বা সরকারি পত্রের সত্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট শাখার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে। এ বিষয়ে সর্বসাধারণ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকারও অনুরোধ জানানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এবি
























