শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

প্রতিশ্রুতি রাখলেন না ট্রাম্প, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ঘোষণা দিয়ে ছিলেন যে, ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলিতে আপাতত পাঁচ দিন কোনও হামলা চালানো হবে না।

কিন্তু সেই প্রতিশ্রুতির কয়েক ঘণ্টার মধ্যেই ইসফাহানের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়েছে বলে দাবি করল ইরান। খবর আল-জাজিরার।

ইরানের আধাসরকারি সংবাদসংস্থা ফার্স নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসফাহান প্রদেশ এবং খোরমশহরের দক্ষিণ-পশ্চিমে হামলা চালিয়েছে আমেরিকা এবং ইসরায়েল।

আল-জাজিরা জানিয়েছে, ইসফাহান প্রদেশের একটি গ্যাস উৎপাদন সংস্থায় হামলা চালানো হয়েছে। ওই সংস্থাটি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়াও ওই সংস্থার আশপাশে বসতি এলাকার একাংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় খোরমশহরের বিদ্যুৎকেন্দ্রের উপর সরাসরি প্রভাব পড়েছে।

ইরাক এবং কুয়েতের সীমান্তলাগোয়া এই শহরে হামলা ট্রাম্পের প্রতিশ্রুতিকে প্রশ্নের মুখে ফেলে দিল বলে মনে করা হচ্ছে।

ফার্স নিউজে আরও দাবি করা হয়েছে, মঙ্গলবার ভোরে ইরানের দু’টি বিদ্যুৎকেন্দ্রে বোমাবর্ষণ করা হয়েছে।

ইরানের এই দাবি নিয়ে অবশ্য মুখ খোলেনি আমেরিকা বা ইসরায়েল। দুই দেশের কেউই এই হামলার দায় স্বীকার করেনি।

প্রসঙ্গত, সোমবার মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে। ফলপ্রসূ আলোচনা শুরু হয়েছে।

তার পরই ট্রাম্প ঘোষণা করেন, আগামী পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলিতে হামলা বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে আমেরিকা।

এর আগে গত শনিবার হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলিতে হামলা চালানোর হুমকি দেন ট্রাম্প। ৪৮ ঘণ্টা সময়ও বেঁধে দেন। সোমবার সেই সময়সীমা শেষ হয়।

তার পরই ট্রাম্প ঘোষণা করেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে। আপাতত পাঁচ দিন হামলা বন্ধ রাখা হবে বিদ্যুৎকেন্দ্রগুলিতে।

তবে ট্রাম্পের এই দাবির পরই ইরানের সংবাদমাধ্যমগুলিতে পাল্টা দাবি করা হয়, আমেরিকার সঙ্গে কোনও আলোচনাই হয়নি।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com