ব্যস্ত জীবনে আলাদা করে চুলের যত্ন নেওয়ার সময় পান না অনেকেই। নিয়মিত পরিচর্যার অভাবে চুল হয়ে যেতে পারে রুক্ষ ও নিষ্প্রাণ। তবে চুল ধোয়ার সময়ই বাড়তি যত্ন নিতে চাল ও কফির একটি সহজ মিশ্রণ ব্যবহার করা যেতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় এই ঘরোয়া পদ্ধতিতে চুলের উজ্জ্বলতা ও মসৃণতা ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, চুল পড়া বা অন্য কোনো সমস্যার স্থায়ী সমাধান হিসেবে শুধু ঘরোয়া টোটকার ওপর নির্ভর করা ঠিক নয়।
যা যা লাগবে
১ চা চামচ ধোয়া চাল
১ চা চামচ কফির গুঁড়া
১ টেবিল চামচ চুল ধোয়ার তরল
প্রয়োজনমতো পানি
যেভাবে তৈরি করবেন
প্রথমে একটি পাত্রে কিছুটা পানি ফুটিয়ে নিন। এরপর ফুটন্ত পানিতে ধুয়ে রাখা চাল ও কফির গুঁড়া দিয়ে দিন। মাঝারি থেকে হালকা আঁচে ৮ থেকে ১০ মিনিট মিশ্রণটি ফুটতে দিন।
এরপর আঁচ বন্ধ করে মিশ্রণটি ঠান্ডা করুন। পুরোপুরি ঠান্ডা হলে তরলটি ছেঁকে নিয়ে এর সঙ্গে এক টেবিল চামচ চুল ধোয়ার তরল মিশিয়ে নিন। চামচ দিয়ে ভালোভাবে নেড়ে হালকা ফেনা তৈরি হলে মিশ্রণটি ব্যবহারের জন্য প্রস্তুত।
প্রথমে পানি দিয়ে চুল ও মাথার ত্বক ভালোভাবে ভিজিয়ে নিন। এরপর তৈরি করা মিশ্রণটি মাথার ত্বক ও চুলে ধীরে ধীরে লাগান। আঙুলের ডগা দিয়ে প্রায় দুই মিনিট হালকা হাতে মালিশ করুন।
সবশেষে পরিষ্কার পানি দিয়ে চুল ভালোভাবে ধুয়ে ফেলুন।
কেন ব্যবহার করবেন চাল ও কফি?
চাল ধোয়া পানি চুলকে মসৃণ ও উজ্জ্বল রাখতে ব্যবহার করা হয়। এটি চুল ভেঙে যাওয়া কমাতে এবং চুলে স্বাভাবিক ঘনত্ব আনতেও সহায়ক হতে পারে।
অন্যদিকে, কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ক্যাফিন মাথার ত্বকে রক্ত চলাচল বাড়াতে সহায়তা করতে পারে।
প্রাকৃতিক উপাদান হলেও সবকিছু সবার জন্য উপযোগী নাও হতে পারে। কফি বা সুগন্ধিযুক্ত চুল ধোয়ার উপাদান সংবেদনশীল মাথার ত্বকে অস্বস্তি তৈরি করতে পারে।
ব্যবহারের পর মাথার ত্বকে চুলকানি, লালচে ভাব, জ্বালাপোড়া বা অতিরিক্ত শুষ্কতা দেখা দিলে ব্যবহার বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বিশেষ করে অতিরিক্ত চুল পড়ার সমস্যা হলে শুধু ঘরোয়া পদ্ধতির ওপর নির্ভর না করে ত্বক ও চুল বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই ভালো।
বাংলা৭১নিউজ/জেএস


























