শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

ফুটবল বিশ্বকাপ দেখতে বাংলাদেশের জনসংখ্যার তিন গুণ আবেদন!

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

চলতি বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ। আসন্ন এই মেগা ইভেন্টের টিকিটের দাম প্রকাশের পর তা নিয়ে ব্যাপক সমালোচনা হলেও, টিকিট বিক্রি নিয়ে রীতিমতো চমকপ্রদ দাবি করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্ট থেকে দেওয়া এক সাক্ষাৎকারে সিএনবিসিকে ইনফান্তিনো জানান, প্রায় ৭০ লাখ টিকিটের বিপরীতে মাত্র চার সপ্তাহেই জমা পড়েছে ৫০৮ মিলিয়ন বা ৫০ কোটি ৮০ লাখ আবেদন। তার ভাষায়, ‘এটা অবিশ্বাস্য সাড়া।’ তিনি আরও দাবি করেন, ১০৪টি ম্যাচের সব টিকিটই ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।

তবে ইনফান্তিনোর এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, টিকিট আবেদনের এই বিপুল সংখ্যার পেছনে স্বয়ংক্রিয় সফটওয়্যার বা ‘বট’ ব্যবহারের সম্ভাবনা নিয়েও প্রশ্ন তুলেছেন সমালোচকদের একাংশ। যদিও ফিফা সেই অভিযোগ নাকচ করে জানিয়েছে, প্রতিটি আবেদনই স্বতন্ত্রভাবে যাচাই করা হয়েছে।

এটাই প্রথমবার, বিশ্বকাপের টিকিট বিক্রি নিয়ে প্রকাশ্যে বিস্তারিত তথ্য দিলেন ইনফান্তিনো। তবে কোন ম্যাচে কত আবেদন পড়েছে সে বিষয়ে পূর্ণ চিত্র তুলে ধরেননি তিনি। পরে ফিফার একটি সূত্র জানায়, ইনফান্তিনো আসলে বোঝাতে চেয়েছেন, সব ম্যাচের টিকিটই শেষ পর্যন্ত বিক্রি হয়ে যাবে বলে তারা আশাবাদী। কিছু টিকিট শেষ মুহূর্তের বিক্রির জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

টিকিটের উচ্চমূল্য নিয়েও কথা বলেন ফিফা সভাপতি। সমর্থক সংগঠনগুলো যেখানে দামকে ‘অতিরিক্ত’ বলে আখ্যা দিয়েছে, সেখানে ইনফান্তিনোর মন্তব্য, আমার মনে হয় যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজন হওয়ার কারণেই এমন আগ্রহ তৈরি হয়েছে। ইতোমধ্যে পুনঃবিক্রয় সাইটগুলোতে রেকর্ড দামে টিকিট বিক্রি হচ্ছে বলেও জানা গেছে।

প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপ থেকে ফিফার সম্ভাব্য আয় হতে পারে প্রায় ১১ বিলিয়ন ডলার বা তারও বেশি এমন ধারণাও দেন ইনফান্তিনো। তার দাবি, এই আয়ের প্রতিটি ডলার ফিফার ২১১টি সদস্য দেশে ফুটবল উন্নয়নের কাজে পুনর্বিনিয়োগ করা হবে।

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com