আফ্রিকার দেশগুলোর সংগঠন আফ্রিকান ইউনিয়নের (এইউ) চেয়ারম্যান মাহমুদ আলী ইউসুফ অবিলম্বে যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় সংগঠনের ৩৯তম শীর্ষ সম্মেলনের উদ্বোধনকালে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে, ফিলিস্তিনের জনগণের দুর্ভোগ বিশ্ব বিবেককে চ্যালেঞ্জ করে। এখানকার মানুষের দুর্ভোগ বন্ধ করতে হবে। তিনি আফ্রিকায় চলমান একাধিক সংঘাতের কথাও তুলে ধরেন।
তিনি বলেন, অস্থিতিশীলতার কারণে সুদান থেকে সাহেল, পূর্ব গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, সোমালিয়া এবং অন্যান্য অঞ্চলের মানুষকে চরম অনিশ্চিতার মধ্যে দিয়ে দিন পার করতে হচ্ছে। এসব অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও আঞ্চলিত স্থিতিশীলতা রক্ষায় বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পরিকল্পনা গ্রহণের দাবি জানান।
এদিকে শুরু হওয়া দুই দিনব্যাপী এই শীর্ষ সম্মেলনে আফ্রিকান ইউনিয়নের ৫৫টি সদস্য রাষ্ট্রের প্রেসিডেন্ট অংশ নিচ্ছেন। এই বছর সম্মেলনের প্রতিপাদ্য হলো পানি স্যানিটেশন। এছাড়াও সম্মেলনে জলবায়ু পরিবর্তন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো আন্তর্জাতিক অংশীদারদের কাছ থেকে বিদেশী সাহায্য কমে আসার পর মহাদেশের মানবিক সংকটের প্রতি প্রতিক্রিয়া তুলে ধরা হবে।
পর্যবেক্ষকরা বলছেন, এইউ শীর্ষ সম্মেলন আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে মহাদেশীয় অগ্রাধিকারগুলোকে একত্রিত করার সুযোগ প্রদান করবে, বিশেষ করে এমন এক সময়ে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বারা আলোচিত ‘নতুন বিশ্ব ব্যবস্থা’ নিয়ে আলোচনা চলছে এবং বিদেশী নেতারা বৈশ্বিক জোট পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন।
সূত্র: আরব নিউজ।
বাংলা৭১নিউজ/এসএএইচ